শিলিগুড়ি পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ৪৭ থেকে বেড়ে কি ৬৩ হলো? নগরোন্নয়ন দপ্তরের ভাইরাল বিজ্ঞপ্তি ঘিরে শুরু রাজনৈতিক জল্পনা।

সামাজিক মাধ্যমে এই বিজ্ঞপ্তিটি তুলে ধরেছেন বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলার সহ-সভাপতি দীপঙ্কর মানিক আরোরা। নোটিফিকেশনটি আপলোড করে তিনি উল্লেখ করেন, ‘শিলিগুড়ি পুরনিগমের ওয়ার্ড সংখ্যা ৪৭ থেকে বাড়িয়ে ৬৩ করা হয়েছে। এখন আমরা দেখছি, তহবিলের সুষ্ঠু বণ্টন এবং আরও উন্নয়ন।’ যদিও এই বিষয়ে প্রশাসনিক স্তরে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বক্তব্য মেলেনি। তবুও বিষয়টিকে ঘিরে শহরের রাজনৈতিক অলিন্দে ইতিমধ্যেই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

নগরোন্নয়ন ও পুর বিষয়ক দপ্তরের তরফে ৩১ অগাস্ট নোটিফিকেশনটি জারি করা হয়েছিল। সেই অনুযায়ী, পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল কর্পোরেশন অ্যাক্ট, ২০০৬-এর ৭ নম্বর ধারা প্রয়োগের মাধ্যমে রাজ্যপালের নির্দেশে ওয়ার্ডের সংখ্যা বৃদ্ধি বা পুনর্গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়েছে, এলাকাভিত্তিক জনসংখ্যা, জনসংখ্যার ঘনত্ব, ভৌগোলিক অবস্থান, ঐতিহাসিক গুরুত্ব এবং অর্থনৈতিক বিষয়গুলিকে প্রাধান্য দিয়েই এই প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে।
জানা গিয়েছে, বিজ্ঞপ্তির প্রতিলিপি ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন, জেলাশাসক এবং উভয় পুরনিগমের কমিশনারদের দপ্তরে প্রেরণ করা হয়েছে। প্রশাসনিকভাবে এর সত্যতা যাচাই কিংবা পরবর্তী পদক্ষেপ নিয়ে কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া না গেলেও, ওয়ার্ড বৃদ্ধির খবর সামনে আসতেই ব্যাপক চর্চা শুরু হয়েছে।
Advertisement