জলপাইগুড়ি থেকে সোজা বিগ বসের স্টেজ, 'দাদা'র সামনে এ কী কাণ্ড ঘটালেন শাড়ি বুটিকের মালকিন তনুশ্রী রায় দাস!

Reading...
বিগ বস বাংলার মঞ্চে সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাতে চিমটি কেটে ট্রোলের মুখে পড়লেন জলপাইগুড়ির বুটিক মালকিন তনুশ্রী রায় দাস।
জলপাইগুড়ি শহরের বাসিন্দা তনুশ্রী রায় দাস। সোশ্যাল মিডিয়ায় শাড়ি ও ডিজাইনার ব্লাউজের সম্ভার তুলে ধরে নজর কাড়ার পর, এবার তিনি সরাসরি প্রবেশ করেছেন ‘বিগ বস বাংলা’-র জমকালো মঞ্চে। জলপাইগুড়ি থেকে সোজা মুম্বাইয়ের লাইট-ক্যামেরা-অ্যাকশনের আলো ঝলমলে জগতে পা রেখেই এমন এক ঘটনার জন্ম দিয়েছেন তিনি, যা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটিজেনরা।

রবিবার এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সূচনা হয় ‘বিগ বস বাংলা’-র। বাঙালির প্রিয় ‘দাদা’ সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনায় তারার হাটে পরিনত হওয়া এই অনুষ্ঠানে নজর কেড়েছেন জলপাইগুড়ির তনুশ্রী। মঞ্চে উঠে খোদ সৌরভ গঙ্গোপাধ্যায়কে সামনে পেয়ে নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। ঘটনা সত্যি না মিথ্যা তা পরখ করতে কোনো দ্বিধা না করেই সঞ্চালক সৌরভের হাতে কষে চিমটি কেটে বসেন তিনি! পরবর্তী সময়ে এই ঘটনার ভিডিও বার্তা ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় হাসির রোলের পাশাপাশি কটু মন্তব্যের ঝড় ওঠে। বিগ বসের স্টেজে দাঁড়িয়ে তনুশ্রী দাবি করেন, শুধুমাত্র সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেখার উদ্দেশ্যেই তাঁর বিগ বসের মঞ্চে আগমন। তবে নেটিজেনদের একটি বড় অংশের মতে, সৌরভের হাতে চিমটি কাটা থেকে শুরু করে পুরো আচরণই ছিল অত্যন্ত নাটকীয় এবং ‘ওভার অ্যাক্টিং’।
সংবাদ মাধ্যম সূত্রে তনুশ্রীর জীবনের লড়াই সম্পর্কে জানা যায়। জলপাইগুড়ি গভর্মেন্ট স্কুল থেকে পড়াশোনা শেষ করে জলপাইগুড়ি পিডি উইম্যান কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। আত্মনির্ভর হওয়ার স্বপ্ন বুকে নিয়ে ছোট থেকেই লড়াই চালিয়ে গিয়েছেন জলপাইগুড়ির এই কন্যা। খুব কম বয়সে, মাত্র ১৬ বছর বয়সেই তাঁর বিবাহ সম্পন্ন হয় এবং কাঁধে নেমে আসে পারিবারিক দায়িত্ব। বর্তমানে তিনি এক ১৫ বছরের কন্যাসন্তানের জননী। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে স্বামী, সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি জলপাইগুড়ি টাউনে একটি বড় বুটিক প্রতিষ্ঠা করেছেন তিনি। অফলাইনের পাশাপাশি অনলাইনেও চলে তাঁর মেয়েদের বাহারি পোশাকের বিকিকিনি।

‘দ্য মোমেন্ট অফ মেমোরি’ নামের বুটিকের মাধ্যমে নিজস্ব স্টাইলে ফেসবুক ও ইনস্টাগ্রামে শাড়ি-ব্লাউজ বিক্রির অভিনব পন্থা আনেন তিনি। ফেসবুকে তাঁর অনুগামী সংখ্যা প্রায় ৫৭ হাজার। উত্তরবঙ্গ ছাড়িয়ে সমগ্র রাজ্যজুড়েই বিস্তৃত তাঁর জনপ্রিয়তা। বিগ বসের মঞ্চে সৌরভ গঙ্গোপাধ্যায় যখন তাঁকে প্রশ্ন করেন— গ্ল্যামার নাকি সন্তান, কোনটি আগে? তনুশ্রী জানান, গ্ল্যামার নিজস্ব জায়গায় থাকবে, তবে দিনের শেষে তাঁর মূল পরিচয় তিনি একজন মায়ের।

এদিকে তানিয়া মিত্তালের মতো গ্ল্যামারাস কায়দা ও সৌরভকে চিমটি কাটার সাহস দেখানোর পর তনুশ্রী জানান, তিনি অত্যন্ত ‘ঠোঁটকাটা’ স্বভাবের এবং অন্যায় দেখলে কাউকেই ছেড়ে কথা বলেন না। বিতর্ক ও লড়াইয়ে ভরা বিগ বসের ঘরে তনুশ্রীর এই উপস্থিতি শেষ পর্যন্ত তাঁকে কোন জায়গায় নিয়ে যায়, সেটাই এখন দেখার বিষয়।
Advertisement