মাঝরাতে হাইওয়েতে দুর্ঘটনা, কেরলে প্রাণ হারালেন ৮ ইঞ্জিনিয়ারিং ছাত্র!

Reading...
কেরলের ত্রিশূরে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন তামিলনাড়ুর ডিণ্ডিগুলের ৮ জন ইঞ্জিনিয়ারিং পড়ুয়া। দাঁড়িয়ে থাকা লরিতে গাড়ির ধাক্কায়...
এদিন কেরলের ত্রিশূর জেলায় এক মর্মান্তিক পথ দুর্ঘটনা (Thrissur Lorry Accident) ঘটে গিয়েছে। শুক্রবার গভীর রাতে একটি দ্রুতগামী গাড়ি হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকা একটি লরিতে সজোরে ধাক্কা মারে। এর জেরে আটজন ইঞ্জিনিয়ারিং ছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত পড়ুয়ারা তামিলনাড়ুর ডিণ্ডিগুল এলাকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে ত্রিশূরের কৈপামঙ্গলমের পানাম্বিক্কুন্নু অঞ্চলে। গুরুভায়ুর থেকে কোদুঙ্গাল্লুর অভিমুখে যাচ্ছিল তামিলনাড়ুর রেজিস্ট্রেশন থাকা গাড়িটি। প্রাথমিক তদন্তে জানা যায়, হাইওয়েটির ওই অংশে তখন রাস্তা নির্মাণের কাজ চলছিল এবং রাস্তার ধারেই দাঁড়িয়ে ছিল লরিটি। বেসামাল হয়ে গাড়িটি সোজাসুজি গিয়ে লরির পিছন দিকে ধাক্কা মারে।

ধাক্কার অভিঘাত এতটা মারাত্মক ছিল যে গাড়িটি একেবারে দুমড়ে-মুচড়ে যায়। ফলে যাত্রীরা গাড়ির ভেতরেই আটকে পড়েন। ‘দ্য হিন্দু’-র প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলেই সাতজনের প্রাণহানি হয় এবং হাসপাতালে স্থানান্তরিত করার পর আরও এক ছাত্র মারা যান। ঘটনার খবর পেয়ে পুলিশ, দমকল কর্মী এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত সেখানে গিয়ে উদ্ধারকার্য শুরু করেন। জানা গিয়েছে, গ্যাসের কাটার ব্যবহার করে দুমড়ে যাওয়া গাড়ির অংশ কেটে আটকে পড়া যাত্রীদের বাইরে বের করা হয়। এরপর দেহগুলিকে ত্রিশূর মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

দুর্ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে তামিলনাড়ুর ডিণ্ডিগুলের পিএসএনএ (PSNA) ইঞ্জিনিয়ারিং কলেজের এক ছাত্রের পরিচয়পত্র পাওয়া গিয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত সকলের সঠিক পরিচয় নিশ্চিত করার প্রক্রিয়া চলছে। ঠিক কী কারণে এমন ঘটনা ঘটল বা রাস্তায় দৃশ্যমানতার কোনও অভাব ছিল কি না, পুলিশের তরফে সেই সমস্ত দিকগুলি তদন্ত করে দেখা হচ্ছে। এই আকস্মিক ও ভয়াবহ ঘটনায় মৃত পড়ুয়াদের পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠান জুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।
Advertisement