‘সেবা সেতু’ কর্মসূচিতে প্রথম দিনেই বাজিমাত! এক দিনেই ১০ লক্ষেরও বেশি মানুষের রেজিস্ট্রেশন, জানুন জেলার পরিসংখ্যান

October 03, 2026
Reading...
পশ্চিমবঙ্গে শুরু হয়েছে সেবা সেতু কর্মসূচি (Seba Setu 2026)। প্রথম দিনেই ১০ লক্ষেরও বেশি মানুষ সরকারি প্রকল্পের সুবিধা পেতে নাম নথিভুক্ত করেছেন।
রাজ্যবাসীর দোরগোড়ায় সরকারি প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুক্রবার, ২ অক্টোবর থেকে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ‘সেবা সেতু’ (Seba Setu) কর্মসূচি। আগামী ৪ অক্টোবর পর্যন্ত চলা এই শিবিরের প্রথম দিনেই অভাবনীয় সাড়া লক্ষ্য করা গিয়েছে। সরকারি পোর্টের লাইভ পরিসংখ্যান থেকে জানা গিয়েছে, শুক্রবার রাত আটটা পর্যন্ত গোটা রাজ্যে মোট ১০ লক্ষ ৬৮ হাজার ৩৩ জন নাগরিক এই সিঙ্গল-উইন্ডো প্ল্যাটফর্মে পরিষেবা পেতে নিজেদের নাম লিখিয়েছেন।

পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিনে আবেদনকারীদের মধ্যে ৫ লক্ষ ৪৭ হাজার ৯৬৫ জন পুরুষ এবং ৫ লক্ষ ১৭ হাজার ৫৪৬ জন মহিলা রয়েছেন। এছাড়াও, ২ হাজার ৫২২ জন অন্যান্য লিঙ্গের মানুষও এদিন শিবিরে এসে নাম নথিভুক্ত করেছেন। রাজ্য সরকারের পরিকল্পনা অনুযায়ী, তিন দিনে মোট ৩ হাজার ২৫১টি ‘সেবা সেতু’ শিবির করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। অভিযানের প্রথম দিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে ১ হাজার ৮১টি শিবির আয়োজিত হয়। আগামী দু'দিনে বাকি ২ হাজার ১৭০টি ক্যাম্প অনুষ্ঠিত হবে।

প্রথম দিনের নিরিখে জেলাভিত্তিক উপস্থিতিতে সবচেয়ে ভালো ফল করেছে পূর্ব বর্ধমান, মালদহ, কোচবিহার ও ঝাড়গ্রাম। জানা গিয়েছে, পূর্ব বর্ধমানে ৬৮টি সক্রিয় শিবিরে ৮ হাজার ২১৭ জন এবং মালদহে ৫২টি ক্যাম্প থেকে ৬ হাজার ৪৭৯ জন মানুষ সুবিধা নিয়েছেন। অন্যদিকে, কোচবিহারের ৪৩টি শিবিরে ৪ হাজার ৩৮২ জন ও ঝাড়গ্রামের ১৮টি শিবিরে ২ হাজার ৩৩৭ জন নাগরিক অংশ নিয়েছেন।
প্রশাসন সূত্রে খবর, কেন্দ্র ও রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পগুলি সাধারণ মানুষ যাতে কোনওরকম হয়রানি ছাড়াই এক ছাতার তলায় পান, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। এদিন নবান্নের এক শীর্ষ আধিকারিক বলেন, "কেন্দ্র এবং রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্প কে মানুষের দরজায় পৌঁছে দিতেই এই উদ্যোগ গ্রহণ করেছে রাজ্য সরকার।" প্রশাসন জানিয়েছে, সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে ধাপে ধাপে এই কাজ এগোচ্ছে। এলাকায় সচেতনতা বৃদ্ধির পর তাৎক্ষণিক নামভুক্তি, নথিপত্র যাচাই, অভাব-অভিযোগ শোনা এবং যোগ্য উপভোক্তাদের অন-দ্য-স্পট (on-the-spot) পরিষেবা প্রদান করা হচ্ছে। আগামী দু'দিনেও রাজ্যের সমস্ত জেলায় সাধারণ মানুষের এই বিপুল ভিড় বজায় থাকবে বলে আশাবাদী প্রশাসন।
Advertisement