ভাসানের আনন্দ বদলে গেল শোকে! বাদকুল্লায় জেনারেটরের ইঞ্জিনে চুল আটকে প্রাণ হারাল স্কুলছাত্রী!

নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা বাপুজি নগর এলাকায় কালীপুজোর ভাসান সেরে ফেরার পথে জেনারেটরে চুল জড়িয়ে মৃত্যু হল ১৮ বছরের..

নদিয়া: কালীপুজোর বিসর্জন (Kali Puja Immersion) সেরে ফেরার পথে চরম বিপর্যয়। জেনারেটরের ইঞ্জিনে চুল জড়িয়ে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারাল এক স্কুলছাত্রী। নদিয়ার তাহেরপুর থানার অন্তর্গত বাদকুল্লা বাপুজি নগর এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মৃত ওই ছাত্রীর নাম দিয়া সরকার (১৮)। বাবুজি নগর হাই স্কুলের একাদশ শ্রেণিতে পাঠরত ছিল সে।

জানা গিয়েছে, শুক্রবার বাদকুল্লা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বাপুজি নগর পুরন্দরপুর এলাকার শুভশ্রী সংঘ বারোয়ারির কালীপুজোর ভাসান ছিল। প্রতি বছরই এই পুজোর বিসর্জনে ব্যাপক জাঁকজমক হয়। ওই দিন রাতে গড়িয়াপোতা ঘাটে প্রতিমা নিরঞ্জন দিয়ে সকলে ফিরছিল। ঠিক সেই সময় আচমকা জেনারেটরের ভেতরে দিয়ার চুল ঢুকে যায় এবং জেনারেটরের সঙ্গে সজোরে মাথায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় সেখানেই লুটিয়ে পড়ে ওই ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় দিয়া সরকারের। খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় তাহেরপুর থানার পুলিশ (Taherpur Police)। মৃতদেহটি উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে (Shaktinagar District Hospital) পাঠানো হয়েছে এবং এদিন সেখানেই ময়নাতদন্ত সম্পন্ন হবে। পাশাপাশি, বিসর্জনের কাজে ব্যবহৃত সমস্ত গাড়ি ও ওই ইঞ্জিন ভ্যানটি আটক করে থানায় নিয়ে গিয়েছে পুলিশ এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে।

পরিবারের সূত্রের খবর, দিয়া সরকারের আরও একটি ছোট বোন রয়েছে, যে অষ্টম শ্রেণিতে পড়ে। দিয়ার বাবা ভিন রাজ্যে সেন্টারিং-এর কাজ করেন। সংসারের আর্থিক স্বাচ্ছন্দ্য ফেরাতে কিছুদিন আগেই তিনি পুনরায় ভিন রাজ্যে কাজে গিয়েছেন এবং বর্তমানে সেখানেই রয়েছেন।

এই দুর্ঘটনা প্রসঙ্গে মৃত ছাত্রীর আত্মীয় প্রদীপ সরকার জানান, প্রতি বছরের মতো এ বছরও কালীপুজোর বিসর্জনের আয়োজন করা হয়েছিল এবং বিসর্জন শুরু হওয়ার পর তাঁর ভাইজিও সেখানে গিয়েছিল। বিসর্জন শেষে বাড়ি ফেরার পথে যে ভ্যানে ইঞ্জিন ছিল, তার পাশেই ওরা ছিল। আচমকা জেনারেটরের ইঞ্জিনের সঙ্গে দিয়ার চুল জড়িয়ে যায় এবং মাথায় মারাত্মক আঘাত লাগায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, ছাত্রীর অপর এক আত্মীয় সরজিত সরকার জানান, বিসর্জনে সকলের সঙ্গে দিয়াও গিয়েছিল। তিনি নিজে না গেলেও শুনেছেন যে, যে ভ্যানে ইঞ্জিন ছিল তার পাশেই বন্ধুরা মিলে নাচ করছিল, আর তখনই আচমকা জেনারেটরের ইঞ্জিনে চুল ঢুকে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে রানাঘাট জেলা পুলিশ সুপার আশিষ মৈজ্য (Ranaghat SP Ashish Maurya) জানিয়েছেন, রাতেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিসর্জনে ব্যবহৃত সমস্ত গাড়ি আটক করেছে এবং ছাত্রীকে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে, যেখানে এদিন ময়নাতদন্ত হবে। এর পাশাপাশি পরিবার ও এলাকাবাসীদের জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।
শেয়ার করুন:
ট্যাগ: