
অশান্তিপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে ঢাকা, গাজিপুর এবং সাভারে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। এর সঙ্গেই দেশের প্রতিটি জেলা ও জনবহুল এলাকাগুলিতে প্রশাসনের তরফে কড়া নজরদারি রাখা হচ্ছে। সম্প্রতি শ্রমিক বিক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠা অঞ্চলগুলিতেও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
কূটনৈতিক ও রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে যে, আগামী ডিসেম্বরেই বাংলাদেশে ফিরতে পারেন মুজিবকন্যা শেখ হাসিনা। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, হাসিনার প্রত্যর্পণের ক্ষেত্রে ভারতের তরফে দু’টি নির্দিষ্ট শর্ত রাখা হয়েছে। প্রথম শর্তানুসারে, শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার সম্পূর্ণ দায়িত্ব নিতে হবে বাংলাদেশ সেনাবাহিনীকে। ২০২৪ সালের অগাস্ট মাসে সামরিক বিমানে করে তিনি ভারতে আশ্রয় নেওয়ায়, ঠিক সেই একই পদ্ধতিতে বাংলাদেশ থেকে দিল্লিতে সামরিক বিমান পাঠিয়ে তাঁকে ফিরিয়ে নিতে হবে। দ্বিতীয় শর্ত হিসেবে দাবি করা হচ্ছে, মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে শেখ হাসিনাকে আপিল করার সুযোগ দিতে হবে এবং নতুনভাবে স্বচ্ছ বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। তবে বর্তমান পরিস্থিতি যে দিকে এগোচ্ছে, তাতে বিনা বিচারেই হাসিনাকে ফাঁসিকাঠে ঝোলানোর প্রবণতা স্পষ্ট হয়ে উঠছে বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, শেখ হাসিনা দেশ ছাড়ার পর তাঁর অনুপস্থিতিতে ‘ক্যাঙ্গারু কোর্ট’ বসিয়ে মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছিল। সেই বিচারে হাসিনার পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না, বরং বাংলাদেশ সরকারের নিযুক্ত আইনজীবী ছিলেন। এমন পরিস্থিতিতে নতুন করে বিচার প্রক্রিয়া শুরু করার যে প্রস্তাব ভারতের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে, ওয়াকিবহাল মহলের মতে তা অত্যন্ত যুক্তিযুক্ত। কিন্তু মৌলবাদীদের প্রবল চাপের কারণে তারেক প্রশাসন সেই পথে হাঁটতে রাজি নয়। কূটনৈতিক বিশ্লেষকদের ধারণা, হাসিনা দেশে ফিরলে বর্তমান সরকার রাজনৈতিক দিক থেকে ফের ব্যাকফুটে চলে যেতে পারে; আর সেই আশঙ্কা থেকেই ঢাকা তাঁকে নতুন করে বিচারের মুখোমুখি করতে চাইছে না। সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ শেষ পর্যন্ত বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে বড়সড়ো প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।