শিলিগুড়িতে টাওয়ারে যুবক, উদ্ধারে শর্ত 'পোস্ত দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা'!

Reading...
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে BSNL-এর ৩০০ ফুট উঁচু টাওয়ারে উঠে পড়লেন যুবক। চার ঘণ্টার চেষ্টায় উদ্ধার করলেন পর্বতারোহী নিহাল সরকার।
শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম চত্বরে থাকা বিএসএনএলের বহু দশকের প্রাচীন মোবাইল টাওয়ারে বুধবার চরম চাঞ্চল্য ছড়ায়। প্রায় ৩০০ ফুট উচ্চতার ওই টাওয়ারের একেবারে চূড়ায় লাল-গেরুয়া রঙের জামা পরিহিত এক যুবককে পা ঝুলিয়ে বসে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসতেই তীব্র শোরগোল শুরু হয় BSNL মহলে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বিভাগ, শিলিগুড়ি পুলিশ, বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং সিভিল ডিফেন্স।

​মাটি থেকে বহু উঁচুতে থাকা ওই ব্যক্তির মানসিক স্থিতি আঁচ করতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ড্রোন ওড়ানো হয়। ড্রোন মারফত সংযোগ স্থাপন করতেই জানা যায় যুবকের অদ্ভুত আবদারের কথা।
নিচে নামার শর্ত হিসেবে তিনি দাবি করেন ‘পোস্ত দিয়ে মিষ্টি কুমড়ো ভাজা’। উদ্ধারকাজের বিভিন্ন চেষ্টা ব্যর্থ হওয়ার পর আসরে নামেন স্থানীয় পর্বতারোহী নিহাল সরকার ও তাঁর অ্যাডভেঞ্চার টিম। প্রশাসনের অনুমতি সাপেক্ষে সিভিল ডিফেন্স কর্মীদের সঙ্গে নিয়ে তিনি টাওয়ারে ওঠেন।

​উপরে পৌঁছানোর পর জানা যায়, যুবক এবার হেলিকপ্টার বা চপারে চড়ে ঘোরার বায়না জুড়েছেন। এরপরই বিকল্প কৌশল নেয় উদ্ধারকারী দল। কাল্পনিক চপার-যাত্রী ওই ব্যক্তিকে স্ট্রেচারে শক্তভাবে বেঁধে শূন্যে ঝুলিয়ে ধীরে ধীরে নামিয়ে আনা হয়। দীর্ঘ ৪ ঘণ্টার রুদ্ধশ্বাস তৎপরতার পর অক্ষত অবস্থায় মাটিতে নামিয়ে আনা সম্ভব হয় তাঁকে। শারীরিক পরীক্ষার জন্য যুবককে দ্রুত উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।

​এদিকে, এত পুরনো ও সুবিশাল একটি পরিকাঠামোয় কীভাবে ওই ব্যক্তি ৩০০ ফুট উঁচুতে উঠে গেলেন, তা ঘিরে বিভিন্ন দফতরের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। এসিপি (ইস্ট) রানা মুখোপাধ্যায় জানিয়েছেন, যুবকের আসল পরিচয় নিশ্চিত করার পাশাপাশি পুরো ঘটনাটির তদন্ত প্রক্রিয়া জারি রয়েছে।
Advertisement